ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সহযোগীদের উদ্দেশে দেশটির সামরিক নেতৃত্ব বলেছে, কোনো ধরনের ভুল পদক্ষেপের ক্ষেত্রে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় এ হুঁশিয়ারি দেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।
বার্তায় তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বর্তমানে এমন পর্যায়ে রয়েছে যে, অতীতে শত্রুপক্ষ যেকোনো আগ্রাসনের জন্য বড় ধরনের মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও তেমন পরিণতির মুখোমুখি হবে।
সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা উপলক্ষে দেওয়া এ বার্তায় তিনি তার অবদানের কথা স্মরণ করেন। আব্দুল্লাহি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়নসহ কৌশলগত অগ্রগতির মাধ্যমে দেশের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
এছাড়া, তিনি দেশবাসীকে সর্বোচ্চ নেতার জানাজায় ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং এটিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বার্তার শেষাংশে নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসাইনি খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করা হয়।
সূত্র: মেহের নিউজ