ফ্রান্সে কমতে থাকা জন্মহার মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার মা ও বাবা উভয়ের জন্য অতিরিক্ত সবেতন ছুটির ব্যবস্থা চালু করেছে।
বুধবার (১ জুলাই) থেকে নতুন এ বিধান কার্যকর হয়েছে বলে জানিয়েছে এএফপি।
এর আগে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের মাতৃত্বকালীন সবেতন ছুটি এবং বাবারা সন্তানের জন্মের পর ২৮ দিনের ছুটি পেতেন। নতুন নিয়মে এই ছুটির পাশাপাশি মা ও বাবা একসঙ্গে আরও এক বা দুই মাসের অতিরিক্ত ছুটি নিতে পারবেন।
অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা মোট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন।
এই সুবিধা চলতি বছরের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া শিশুদের বাবা-মায়ের জন্য প্রযোজ্য। এছাড়া যারা শিশু দত্তক নেবেন, তারাও এ সুবিধা পাবেন।
ফ্রান্সে গত কয়েক বছর ধরে জন্মহার কমছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো গত বছর দেশটিতে মৃতের সংখ্যার চেয়ে কম শিশুর জন্ম হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৪ সালে জন্মহার বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
তবে নারীবাদী সংগঠনগুলোর দাবি, জন্মহার বাড়াতে এই উদ্যোগ যথেষ্ট নয়। তাদের মতে, কম আয় করেন এমন সঙ্গী—যিনি বেশিরভাগ ক্ষেত্রেই নারী—অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি থাকায় লিঙ্গসমতা নিশ্চিত করতেও এ সংস্কার তেমন কার্যকর হবে না।