২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পানি বন্ধের চেষ্টা করলে ‘হাত কেটে ফেলব’: ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করলে সেই ‘হাত কেটে ফেলা হবে’। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে না দেওয়ার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ভারত ও পাকিস্তান হিমালয়, তিব্বত মালভূমি ও পির পাঞ্জাল পর্বতমালা থেকে উৎপন্ন ছয়টি নদীর পানি ভাগাভাগি করে। দেশভাগের পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’ অনুযায়ী দুই দেশের মধ্যে এসব নদীর পানি বণ্টন করা হয়।

চুক্তি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের তিনটি নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির অধিকার পাকিস্তানের। অন্যদিকে পূর্বাঞ্চলের তিনটি নদী—রাভি, বিয়াস ও শতদ্রুর পানির অধিকার ভারতের। প্রতি বছর প্রায় ৪ কোটি ৩০ লাখ একর-ফুট পানি পাকিস্তানে প্রবাহিত হওয়ার কথা, যা দেশটির কৃষি, নগরজীবন ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষিকাজের জন্য এই পানির ওপর নির্ভরশীল। পানির প্রবাহে বাধা দেওয়া হলে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও দাবি করেন, সীমান্তবর্তী নদীগুলোর স্বাভাবিক প্রবাহ পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা পাকিস্তান ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে। একইসঙ্গে অতীতে ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তান তার সক্ষমতা দেখিয়েছে।

এদিকে ভারতের পানিসম্পদমন্ত্রী সি. আর. পাতিল সম্প্রতি মন্তব্য করেন, কাশ্মীরে হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের বিষয়ে কাজ করছে ভারত। এই বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষিতে পাকিস্তান আন্তর্জাতিক সমর্থন জোরদারের লক্ষ্যে সিন্ধু পানি চুক্তি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা চুক্তির আইনি ভিত্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধ নিয়ে আলোচনা করবেন।

Home R3