২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো দূতাবাস

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ থেকে প্রবাসীদের সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস জানায়, অসাধু ব্যক্তি বা চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র তৈরি, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর ফলে নিরীহ প্রবাসীরা অজান্তেই ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য কঠোর আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।

এ ধরনের ঝুঁকি এড়াতে যেকোনো কাগজপত্রে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে সংশ্লিষ্ট নথির বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে এবং যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

প্রবাসীদের সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায় বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।