পররাষ্ট্র নীতি পুনর্গঠনের অংশ হিসেবে চীন থেকে ২৪টি অত্যাধুনিক জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
সোমবার (২২ জুন) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে এই সামরিক চুক্তিটি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
তিনি আরও জানান, প্রতিটি জে-১০সিই যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলার।
এদিকে, আলোচনাকে এগিয়ে নিতে গত সপ্তাহে চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। বেইজিং সফরকালে বাংলাদেশের প্রতিনিধিরা চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করে ক্রয়ের বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।