২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না: লেবাননের প্রেসিডেন্ট আউন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগকে তার দেশ স্বাগত জানায়। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২২ জুন) গ্রিক ক্যাথলিক লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

আউন বলেন, যুদ্ধ বন্ধে যেকোনো সহায়তা লেবানন স্বাগত জানায়। তবে সহায়তা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, লেবানন একটি সার্বভৌম রাষ্ট্র এবং দেশের পক্ষে অন্য কেউ আলোচনা করবে না।

তিনি আরও বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কোনো ধর্মীয় গোষ্ঠীর নয়। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলাই সরকারের প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক অঙ্গনের বিষয়ে আউন বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক ও বৈধ। তবে তা যেন রাষ্ট্রের পুনরুজ্জীবনের পথে বাধা সৃষ্টি না করে। এ সময় তিনি জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় হওয়া সমঝোতার অংশ হিসেবে লেবাননের যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গঠিত নতুন ব্যবস্থায় তেহরান একজন প্রতিনিধি পাঠাবে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযানে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজারের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

এদিকে, ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর মধ্যে কিছু অঞ্চল দীর্ঘদিন ধরে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, আর কিছু এলাকা ২০২৩–২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে।