২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাওলানা মামুনুল হক প্রসঙ্গে নিজের বক্তব্য প্রত্যাহার করলেন স্পিকার

জাতীয় সংসদে বিএনপির এমপি খোন্দকার আবু আশফাকের দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে একজন রাজনৈতিক নেতার জীবনের ‘অন্ধকার অংশ’ নিয়ে নিজের মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ কথা জানান।

এর আগে, গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে খোন্দকার আবু আশফাক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট নিয়ে বড় বড় কথা বললেও অতীতে তার বিরুদ্ধে ওঠা একটি ঘটনার ব্যাখ্যা কী—তা নিয়ে প্রশ্ন তোলেন।

ওইদিনই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে বলেন, মাওলানা মামুনুল হকের বিষয়টি কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। পাশাপাশি তিনি একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের ‘অন্ধকার অংশ’ সংসদে আলোচিত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন।

রোববারের অধিবেশনে স্পিকার জানান, আবু আশফাকের মন্তব্য ‘অনভিপ্রেত’ হওয়ায় তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। এ কারণে নিজের দেওয়া মন্তব্যও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।

ভবিষ্যতে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, যাদের পক্ষে নিজেকে ডিফেন্ড করা সম্ভব নয়, তাদের নিয়ে কোনো বিরূপ মন্তব্য না করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Home R3