২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন—জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক।

জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Home R3