সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশনা দেওয়ার একদিনের মধ্যেই বদলি করা হয়েছে জেলার প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়।
এর আগে শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে শাহপরান মাজারে গিয়ে বক্তব্য দেন ডিসি সারওয়ার আলম। তিনি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বক্তব্যে তিনি বলেন, মাজারগুলো পবিত্র স্থান—এখানে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না। মাজারে মদ-গাঁজা সেবনের অভিযোগ প্রায়ই পাওয়া যায় উল্লেখ করে তিনি সতর্ক করেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শাস্তি দ্বিগুণ করা হবে।
তিনি মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন। হাতে হাতে দান গ্রহণ না করে দানবাক্সের মাধ্যমে সংগ্রহের আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে মাজারে দানবাক্স স্থাপন করা হয় এবং দানের তিনটি ডেগ সিলগালা করা হয়। এ পদক্ষেপে মাজার ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং রাতে বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দান সংগ্রহ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিসি সারওয়ার আলমের আকস্মিক বদলি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।