১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদে অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। মাদক, অস্ত্র, গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় দুর্গম ও স্পর্শকাতর এলাকায় নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) ও টহল পোস্ট (টিওবি) নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত নজরদারি ব্যবস্থা আধুনিকায়ন এবং স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য ও দুর্গম সীমান্ত এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজও চলমান রয়েছে, যার ফলে দ্রুত টহল ও প্রতিরোধ কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে।

তিনি জানান, সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

এছাড়া মিয়ানমার সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একইভাবে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।

Home R3