১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টে রিট

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ আবেদন করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’ আইনটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারী আইনজীবীর দাবি, এই আইনের ভিত্তিতেই সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে।

এর আগে গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ওয়ার্ডে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াই শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে।

তবে সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

Home R3