৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাইলি বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (৭ জুন) এই হামলায় নাকুরায় অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টারকে লক্ষ্য করা হয়, যেখানে একটি ‘আবাবিল’ আত্মঘাতী ড্রোন দিয়ে সফল আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা একাধিক সমন্বিত অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে হাদ্দাতা অঞ্চলের দক্ষিণ উপকণ্ঠে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এছাড়া ইয়াহমার আল-শাকিফ এলাকার কাছে ইসরাইলি সেনা ও সামরিক যানের একটি বড় সমাবেশ লক্ষ্য করে তীব্র রকেট ও কামান হামলা চালানো হয় বলে দাবি করেছে সংগঠনটি।

হিজবুল্লাহ আরও জানায়, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রতিক সময়ে ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের দাবি, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার প্রতিক্রিয়ায় এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়।

এই হামলার পর দক্ষিণ লেবানন সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: মিডল ইস্ট আই

Home R3