লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের গেট খুলে ওই ব্যক্তিকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাংলাদেশিরা। কোনো রকম ভয়ডর না করে লাঠিসোঁটা হাতে দলবদ্ধ হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন এলাকাবাসী। উত্তাল এই পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে সীমান্ত এলাকায় হুলস্থুল পড়ে যায় এবং পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তের শূন্যরেখায় ভারতের দাউয়াকামারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা আনুমানিক ৩৫ বছর বয়সী এক অসংলগ্ন আচরণ করা ব্যক্তিকে বাংলাদেশে পার করে দেয়। স্থানীয়দের মুখে খবর পেয়ে কালীরহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে আবারও ভারতীয় সীমান্তে ফেরত পাঠান।
কিন্তু বিএসএফ জেদ ধরে আবারও তাকে পুশইনের চেষ্টা চালালে স্থানীয় জনতা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফের মুখোমুখি দাঁড়ায় এবং তাদের তাড়া করে। তীব্র গণপ্রতিরোধের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বিজিবি এই ধৃষ্টতার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তি ভারতীয় সীমানার ভেতরেই অবস্থান করছেন।