১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বের ৬৭ শতাংশ মানুষ ইসরাইলকে চরম অপছন্দ করে

আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই এক ঘরে হয়ে পড়ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। চরম দখলনীতি ও গণহত্যামূলক কর্মকাণ্ডের জেরে বিশ্বজুড়ে দেশটি ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, বিশ্বের অধিকাংশ মানুষের মধ্যে ইসরাইল সম্পর্কে চরম নেতিবাচক মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশের বেশিরভাগ উত্তরদাতা ইসরাইলের প্রতি তীব্র অসন্তোষ ও বিরূপ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপের ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে, মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা দেশটির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, জরিপের অধিকাংশ সাক্ষাৎকারই নেওয়া হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর। ওই যুদ্ধ বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি করেছে। গাজ্জা উপত্যকায় চলমান সামরিক হামলার পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও ধসিয়ে দিয়েছে।

জরিপের ফলাফল বলছে, ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে মুসলিমপ্রধান দেশগুলোতে ইসরাইলের প্রতি ক্ষোভ সবচেয়ে বেশি দৃশ্যমান। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো দেশের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মধ্যেও এই চরম অসন্তোষের চিত্র ফুটে উঠেছে।

Home R3