বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৬ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান তিনি। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় হাকান ফিদান প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
তিনি বলেন, তার এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ। এ লক্ষ্যে উভয় দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ‘ফরেন অফিস কনসালটেশন’ আয়োজনের বিষয়ে একমত হয়েছে।
এছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি যৌথ পরামর্শ কাঠামো গঠনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।