৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

বিদ্যুতের প্রিপেইড মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল।

ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন, প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা নির্ধারিত ছিল। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছিল।

এই অতিরিক্ত চার্জ দীর্ঘদিন ধরে ভোক্তাদের মধ্যে অসন্তোষের কারণ হয়ে উঠেছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের মাসিক ব্যয়ে স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Home R3