চলতি মাসে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘ইউরোসেটরি’-তে ইসরাইলি সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
নিষেধাজ্ঞার ফলে শুধুমাত্র সরকারি প্রতিনিধিরাই নন, ইসরাইলি প্রতিরক্ষা শিল্পের অংশগ্রহণও সীমিত হয়ে পড়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইসরাইলি কোম্পানিগুলো প্রদর্শনীতে আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক ব্যবস্থা প্রদর্শন করতে পারবে না। তারা কেবল আকাশ প্রতিরক্ষা (এয়ার ডিফেন্স) সংশ্লিষ্ট পণ্য প্রদর্শনের অনুমতি পাবে।
ফরাসি কর্তৃপক্ষের এই পদক্ষেপ এমন সময় এলো, এর আগে দেশটি ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়, যেখানে আটক ব্যক্তিদের প্রতি আচরণ নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।
পরপর এসব পদক্ষেপের মধ্য দিয়ে ফ্রান্স–ইসরাইল কূটনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠছে।
সূত্র: আল-জাজিরা