১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে ইসরাইলি অনুপ্রবেশ, নিন্দা জানাল সৌদি আরব

লেবাননের ভূখণ্ডে ইসরাইলের সামরিক অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে সৌদি আরব বলেছে, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইলের এ ধরনের সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রিয়াদ স্পষ্টভাবে এই আগ্রাসন প্রত্যাখ্যান করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সৌদি সরকার আরও উল্লেখ করেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধ এবং লেবাননের ভূখণ্ডে ইসরাইলের সামরিক তৎপরতা বন্ধে বিশ্ব শক্তিগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আন্তর্জাতিক চুক্তির আলোকে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ১৯৮৯ সালের তাইফ চুক্তির গুরুত্ব পুনর্ব্যক্ত করে সৌদি আরব জানায়, এই চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা হলে লেবাননের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্ভব হবে।

এ ছাড়া অস্ত্রের নিয়ন্ত্রণ শুধুমাত্র রাষ্ট্র ও বৈধ সরকারি প্রতিষ্ঠানের হাতে থাকা উচিত বলেও জোর দিয়ে উল্লেখ করা হয়। লেবানন সরকারের সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশটিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরব।

Home R3