১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনকার্ড নীতিতে ইউ-টার্ন ট্রাম্পের, স্বস্তিতে প্রবাসীরা

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড আবেদন প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক নীতিগত অবস্থানে পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। এখন সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা প্রবাসীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

ডিএইচএসের এক মুখপাত্র জানিয়েছেন, পূর্বে জারি করা নির্দেশনা বাধ্যতামূলক ছিল না; বরং তা ছিল কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া। ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই গ্রিনকার্ডের আবেদন করতে পারবেন।

এর আগে গত ২২ মে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, অস্থায়ী ভিসাধারীদের নিজ দেশে ফিরে দূতাবাসের মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতে হবে। ওই ঘোষণাকে অনেকেই কঠোর পদক্ষেপ হিসেবে দেখেছিলেন।

তবে নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা যারা সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে। সবার জন্য একই নিয়ম নয়।

গ্রিনকার্ড যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয় এবং এটি নাগরিকত্ব পাওয়ার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

বিশ্লেষকদের মতে, এই নীতিগত নমনীয়তা প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট অভিবাসন কর্মকর্তাদের ওপর। তাই আবেদনকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Home R3