পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৩ মে) ভোরে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, একটি পার্কে অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন যুবক এনসিপি নেতা মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আকতার হোসেন এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক।
বাংলাদেশ সময় শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, পর্তুগালে এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে বের হওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী অতর্কিত হামলা চালায়।
জানা গেছে, গত সপ্তাহে ব্যক্তিগত সফরে পর্তুগাল যান আকতার হোসেন। লিসবনের একটি পার্কে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে, শনিবার দুপুরে এনসিপি সিলেট জেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে দেশে-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এনসিপি সিলেট মহানগর শাখার এক নেতা জানান, ভিডিওতে দেখা ঘটনাটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।