২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অভিযোগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্দিষ্ট ফাইলের তথ্য প্রকাশ করে বক্তব্য প্রমাণ করতে হবে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ এ কথা বলেন।

এর আগে প্রতিমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করা হয়েছিল, যা বিধিবহির্ভূত। এ বক্তব্যের জবাবে আসিফ মাহমুদ বলেন, কোন ফাইলের কথা বলা হচ্ছে তা স্পষ্ট করা হয়নি।

তিনি বলেন, সচিবের স্বাক্ষর ছাড়া কোনো ফাইল উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে আসার সুযোগ নেই। অনেক ক্ষেত্রে সচিব অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব বা অন্য কর্মকর্তারা স্বাক্ষর করে থাকেন, যা প্রশাসনিক নিয়মের মধ্যেই পড়ে।

আসিফ মাহমুদ আরও বলেন, জরুরি প্রয়োজনে মন্ত্রী বা উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন, কারণ প্রশাসনিক প্রক্রিয়ায় তারাই সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী।

তিনি প্রতিমন্ত্রীকে নির্দিষ্ট ফাইলের তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, কোনো বিষয়ে সন্দেহ থাকলে তিনি তা স্পষ্ট করতে প্রস্তুত।

এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

Home R3