শিশু ও নারীদের বর্বরতা থেকে রক্ষায় শরীয়াহ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থায় শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না।
বুধবার (২০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা ভয়াবহ ও হৃদয়বিদারক। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দেশে প্রায়ই শিশুদের বিরুদ্ধে একই ধরনের নৃশংসতা ঘটছে।
তিনি আরও বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা ক্রমাগত বাড়ছে, অথচ অধিকাংশ ঘটনারই সঠিক বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে।
ইউনুস আহমদ দাবি করেন, সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার একটি বড় অংশ ধর্ষণ সংক্রান্ত। তার মতে, দীর্ঘসূত্রিতা ও দুর্বল বিচার ব্যবস্থার কারণে অপরাধীরা শাস্তি পাচ্ছে না।
তিনি বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে শরীয়াহ আইন প্রয়োগের দিকে এগিয়ে আসা উচিত।