বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন কঠোর শর্ত জারি করেছে ইরান। এখন থেকে এই কৌশলগত জলপথের ইরানি নিয়ন্ত্রিত অংশ দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও যাত্রীবাহী জাহাজকে আগাম অনুমতি নিতে হবে এবং দেশটির নবগঠিত নৌ-কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২০ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় ইরানি কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত জলসীমা ব্যবহার করতে হলে বিশেষ পারমিট বা লাইসেন্স গ্রহণ করতে হবে। ইতোমধ্যে নতুন নিয়ন্ত্রণ অঞ্চলের আওতাভুক্ত এলাকার মানচিত্রও প্রকাশ করেছে তারা।
ঘোষণা অনুযায়ী, ইরানের কেশম দ্বীপ থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইন পর্যন্ত এবং জাবাল মুবারক থেকে ফুজাইরাহর দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকা এই নজরদারির আওতায় থাকবে।
ইরানের দাবি, পারস্য উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এবং তেলের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়াতে পারে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
সূত্র: সামা টিভি