২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিকত্বের আবেদন করতে হলে আবেদনকারীকে নিজের দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে। বৈধ বা মেয়াদোত্তীর্ণ— যেকোনো পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের তথ্য উল্লেখ করতে হবে।

এছাড়া আবেদনকারীকে লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তার কাছে থাকা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক বা তত্ত্বাবধায়কের কাছে জমা দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতের নাগরিক হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা যাবে না।

ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি বিধিমালার ১সি তফসিলের পরে সংযোজন করা হবে। এই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করে। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা