স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রচলিত আইন দিয়ে ‘মব’ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন অথবা নতুন আইন প্রণয়ন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইন কাঠামোর মধ্যেই যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির চাহিদা অনুযায়ী আইন সংস্কার বা নতুন আইন প্রণয়ন অপরিহার্য হলে সেটিও করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অর্থপাচারসহ নতুন ধরনের অপরাধ মোকাবিলায় একটি বিশেষ কমিটি কাজ করছে। এসব অপরাধ একক আইনের আওতায় আনা যায় কি না, তা নিয়েও পর্যালোচনা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময় পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলে যাচ্ছে। ফলে পুরোনো আইন দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক অভিজ্ঞতা গ্রহণ করেও কার্যকর আইন তৈরি করা হবে।
এছাড়া পুলিশ সদস্যদের কল্যাণে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান। এতে বাহিনীর মনোবল ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি দাবি করেন, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।