১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতার-কুয়েত-আরব আমিরাতে মুহুর্মুহু ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, দেশটির দিকে ছোড়া ইরানি দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে রাতভর কুয়েতমুখী ড্রোন হামলার ঘটনাও ঘটে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

অন্যদিকে কাতার উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইলের আঘাতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গ্লোভ অ্যান্ড মেইল তাদের প্রতিবেদনে সংস্থাটির বিবৃতি তুলে ধরে।

ব্রিটিশ সামরিক বাহিনীর এ সংস্থাটি জানায়, আঘাতের ফলে জাহাজে স্বল্পমাত্রার আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত এক সপ্তাহ ধরে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো বারবার হামলার মুখে পড়ছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও এ ধরনের হামলা গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও এখন পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি পাওয়া যায়নি।

সূত্র: দ্য গ্লোভ অ্যান্ড মেইল