৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আজিজীর জানাজা সম্পন্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মে) বাদ যোহর চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম নানুপুর ওবায়দিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা কুতুব উদ্দিন নানুপুরী।

জানাজায় অংশ নেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির নির্বাহী আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মুফতী মুসা বিন ইযহার, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম, পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া আজহারী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সাইয়্যেদ নোমান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত হাজার হাজার মুসল্লি।

রাজনৈতিক জীবনে মাওলানা সরওয়ার কামাল আজিজী দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শূরার সিদ্ধান্তে তিনি দলটির আমীর নির্বাচিত হন। এছাড়াও তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন।

তার ইন্তেকালে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।