২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্তমান সংকটে মুসলমানদের ঐক্যের আহ্বান এরদোগানের

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মুসলমানদের ঈমান, আস্থা ও পারস্পরিক সহযোগিতার দিকে ফিরে আসা জরুরি।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, ফিলিস্তিন থেকে লেবানন, উপসাগরীয় অঞ্চল থেকে সুদান, সোমালিয়া থেকে ইয়েমেন—প্রায় সর্বত্রই মুসলমানরা দুর্ভোগ ও রক্তক্ষয়ের মুখোমুখি হচ্ছেন। যেদিকেই তাকাই, আমরা অশ্রু ও বেদনার চিত্রই দেখতে পাচ্ছি,—উল্লেখ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, নিরস্ত্র বেসামরিক মানুষ, এমনকি শিশুদের নির্মম হত্যার মতো ঘটনাগুলোর সময় তথাকথিত সভ্য বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের কথা বলে এসেছে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুসলিম বিশ্বকে উদ্দেশ করে এরদোগান বলেন, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একে অপরের প্রতি বিশ্বাস রাখা, পারস্পরিক আস্থা গড়ে তোলা এবং সহযোগিতা জোরদার করা ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিভেদ, কলহ ও শত্রুতা পরিহার করতে হবে। অপ্রয়োজনীয় ও অসময়ের বিতর্ক এড়িয়ে মুসলমানদের এক দেহে পরিণত হওয়াই আমাদের দায়িত্ব,—জোর দিয়ে বলেন তিনি।

তার এ বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা আবারও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে বলে বিশ্লেষকদের অভিমত।

Home R3