ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১১টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৭২ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ১১২ আসনে এগিয়ে। অন্যদিকে, কংগ্রেস এগিয়ে একটি আসনে।
পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪। এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়।
স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।
প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।
তথ্যসূত্র: আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস।