পর্তুগালের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে দেশটিতে আরও বেশি অভিবাসী প্রয়োজন বলে মন্তব্য করেছেন পর্তুগিজ প্রবাসী সম্প্রদায়ের সেক্রেটারি অব স্টেট এমিন্দিও সুসা।
গত বৃহস্পতিবার (৩০ মে) লিসবনের বেলেন কালচারাল সেন্টার-এ আয়োজিত ‘ফোরাম পর্তুগাল নাছাও গ্লোবাল’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান শ্রমবাজার সচল রাখতে পর্তুগালে বিদেশি কর্মীদের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, অর্থনৈতিক অগ্রগতির ফলে অনেক কাজ এখন স্থানীয়রা করতে আগ্রহী নন, যা মূলত দেশের উন্নয়নেরই একটি ফল। তার মতে, বিশেষ করে কম দক্ষতাসম্পন্ন কাজের ক্ষেত্রে পর্তুগাল আগামী দিনগুলোতেও অভিবাসীদের ওপর নির্ভরশীল থাকবে।
অভিবাসীদের কারণে বেতন কমে যাচ্ছে—এমন ধারণা নাকচ করে তিনি বলেন, বরং অভিবাসীরা অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বিদেশে থাকা পর্তুগিজ প্রবাসীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, কেবল দেশে ফিরে আসার চিন্তায় সীমাবদ্ধ না থেকে যেখানে তারা আছেন সেখান থেকেই পর্তুগালের সঙ্গে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা প্রয়োজন। এতে দেশটি একটি প্রকৃত ‘গ্লোবাল নেশন’-এ পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।