ইতালির পর্যটন নগরী টাস্কানিতে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির জরুরি সেবা সংস্থা। গত ২৪ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ায় শুক্রবার (০১ মে) পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দাবানলে পিসা ও লুকা শহরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলের অন্তত ৮০০ হেক্টরের বেশি বনভূমি ইতোমধ্যে পুড়ে গেছে।
সান জুলিয়ানো টার্মে সিটি কাউন্সিল জানিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে আগুন দ্রুত আসকিয়ানো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ইতালির ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আকাশপথ থেকে পানি ছিটাতে তিনটি বিশেষ ‘কানাডায়ার’ বিমান ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্থলপথে ১৯টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।
বাস্তুচ্যুতদের জন্য দুটি জিমনেশিয়ামে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সাধারণত ইতালিতে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দাবানল দেখা দিলেও এবার অনেক আগেই আগুনের সূত্রপাত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী খরাই এই আগাম বিপর্যয়ের প্রধান কারণ।
বর্তমানে আসকিয়ানো ও পার্শ্ববর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
তথ্যসূত্র: সিস নোটিসিয়াস