২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে আমেরিকা: ইরান

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র সম্মানজনকভাবে সরে যাওয়ার পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে এমন বক্তব্য দিয়েছে তেহরান।

শনিবার (২৫ এপ্রিল) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “আমাদের সামরিক সক্ষমতা আজ এমন পর্যায়ে পৌঁছেছে, যা শত্রুপক্ষকে কঠিন অবস্থায় ফেলেছে। তারা এখন এমন এক চোরাবালিতে আটকা পড়েছে, যেখান থেকে মানসম্মান রক্ষা করে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।”

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তান-এ। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদ পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনায় যোগ দিতে সেখানে যাচ্ছেন।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: এএফপি।