ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে কূটনৈতিক অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২ শতাংশের বেশি কমে ৪ হাজার ৭৯৫ ডলারে নেমে এসেছে। যা গত সপ্তাহের তুলনায় রেকর্ড পতন। মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। খবর আলজাজিরার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দিনের শুরুতে আন্তর্জাতিক সময় (জিএমটি) অনুযায়ী স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭৯৫ দশমিক ৫১ ডলারে লেনদেন হয়েছে। গত ১৩ এপ্রিলের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও কমেছে এবং তা আউন্সপ্রতি ৪ হাজার ৮১৪ ডলারে অবস্থান করছে। ডলারের মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে বিক্রয়চাপ বেড়েছে।
আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতার আঁচ পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক দরের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। আজকের বাজার দর অনুযায়ী, বাংলাদেশে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় লেনদেন হচ্ছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে অনিশ্চয়তা থাকলেও বর্তমানে বিনিয়োগকারীরা নগদ ডলার ও ফেডারেল রিজার্ভের সুদের হারের দিকে বেশি মনোযোগী। গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৮ থেকে ৯ শতাংশ কমেছে। বিশেষ করে এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বর্ণের ইটিএফ প্রবাহ বৃদ্ধি পেলেও সামগ্রিক বৈশ্বিক চাহিদায় কিছুটা স্থবিরতা দেখা দিচ্ছে।