১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে : বাঘের গালিবাফ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে।

রোববার (১৯ এপ্রিল) ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। খবর মিডল ইস্ট আইয়ের।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম, সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

চলমান যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দুই পক্ষের এমন অবস্থান নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

এর আগে, মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছিলেন, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, উভয় পক্ষ এখনও একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো থেকে অনেক দূরে রয়েছে।

শনিবার রাতে জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত আলোচনা থেকে অনেক দূরে রয়েছি। আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও অনেক ফাঁকফোকর রয়ে গেছে এবং বেশ কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়েছে।

গালিবাফ আরও বলেন, মতপার্থক্যগুলো দূর না হলে এবং মৌলিক বিষয়গুলোর সমাধান না হলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয়।