হিজবুল্লাহ উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) লেবানন সীমান্তসংলগ্ন শহর ও বসতিগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
স্থানীয় সময় সকাল ৮টা ও ৮টা ৫৫ মিনিটে দুই দফায় কিরিয়াত শমোনা শহরে রকেট নিক্ষেপ করা হয়। এছাড়া মেতুলা, কফার গিলাদি, দোভেভ, শ্লোমি, মেতজুবা, ইয়ারা, আবদন, কফার ভ্রাদিম, নাহারিয়া ও শাভেই জায়নসহ বিভিন্ন এলাকায় হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হিজবুল্লাহ জানায়, তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্র-এর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
একটি সামরিক সূত্র এএফপি-কে জানায়, ভোরে উত্তর ইসরাইলের দিকে প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে। অপরদিকে লেবানন-এর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে ভোরে ইসরাইলি হামলায় জাবায় এক পরিবারের চার সদস্য এবং আনসারিয়ায় আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বৈরুত থেকে দক্ষিণাঞ্চলে সংযোগকারী জিয়েহ মহাসড়কে একটি গাড়িতেও হামলা চালানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার লেবানন সরকার তিন দশকের বেশি সময় পর প্রথমবারের মতো ইসরাইল-এর সঙ্গে কূটনৈতিক আলোচনা করে, যার লক্ষ্য ছিল চলমান সংঘাত বন্ধ করা। তবে হিজবুল্লাহ ওই আলোচনায় অংশ নেয়নি এবং গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো সমঝোতা হলেও তারা তা মানবে না।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি ও মিডল ইস্ট মনিটর