মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট অনিশ্চয়তায় বাংলাদেশও প্রভাবিত হচ্ছে। তবে ইরান বাংলাদেশকে আশ্বস্ত করেছে, ওই প্রণালি দিয়ে আর কোনো বাংলাদেশি জাহাজ আটকানো হবে না।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আগেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালিতে যদি কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকে, তা ছেড়ে দেওয়ার বিষয়েও ইরান আশ্বাস দিয়েছে।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। অন্যথায় এর প্রভাব বৈশ্বিকভাবে সব দেশের ওপর পড়বে। এ বিষয়ে বাংলাদেশ সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।
প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, লেবাননে বাংলাদেশের মিশনের কর্মকর্তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন। সেখানে নিহত এক বাংলাদেশি নারীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।