৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের সামনে গোলাগুলি, নিহত ৩

তুরস্কের ইস্তানবুল শহরে ইসরাইলি কনস্যুলেটের কাছে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত তিন হামলাকারীকেই তুর্কি পুলিশ গুলি করে হত্যা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে গুলির শব্দের মধ্যে পুলিশ সদস্যদের আশ্রয় নিতে দেখা যায় এবং একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

হামলাটি ইস্তানবুলের ব্যস্ত বাণিজ্যিক এলাকা বেসিকতাস জেলায় সংঘটিত হয়, যেখানে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান অবস্থিত। একটি বহুতল ভবনের সপ্তম তলায় থাকা ইসরাইলি কনস্যুলেটকে কেন্দ্র করে এ হামলা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িতে করে আসা তিন ব্যক্তি হঠাৎ গুলি চালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইস্তানবুলের গভর্নর এ ঘটনাকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেছেন।

বর্তমানে তুরস্কে ইসরাইলের কোনো কূটনীতিক দায়িত্বে না থাকলেও কনস্যুলেট ও দূতাবাসে স্থানীয় কর্মীরা কাজ করছেন। বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।