হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে কটাক্ষ করেছে ইরান। রসিকতার সুরে দেশটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথের ‘চাবি হারিয়ে গেছে’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া ব্যঙ্গাত্মক পোস্টে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, তারা ‘চাবি হারিয়ে ফেলেছে’। একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশন লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে—শুধু বন্ধুদের জন্য খোলা।’
তেহরানকে হরমুজ প্রণালী খুলে দিতে না হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আল্টিমেটামের জবাব হিসেবেই এসব মন্তব্য করা হয়েছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীটি চালু না হলে ইরানের অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হবে।
তিনি আরও সতর্ক করেন, বৈশ্বিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইসরাইল, উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে।
এদিকে ইরান সতর্ক করে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে পাল্টা ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। একই সঙ্গে জ্বালানি স্থাপনা ও শহরসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।
চলমান সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পরিস্থিতি আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস