৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এরদোগান-জেলেনস্কি বৈঠক: যুদ্ধবিরতিতে কূটনৈতিক পদক্ষেপ ত্বরান্বিত

ইস্তান্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানএবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (৪ এপ্রিল) বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রচেষ্টা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে এরদোগান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।”

এরদোগান বৈঠকে কৃষ্ণসাগরে নিরাপদ নৌ-চলাচলের গুরুত্ব তুলে ধরেছেন এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়েছেন। তিনি তুরস্ক ও ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি দেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেছেন এরদোগান। এর আগে শুক্রবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। আঙ্কারার মতে, এই যোগাযোগ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ।

সূত্র: আনাদোলু