পর্তুগালের রাজধানী লিসবন-এ প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন সেশনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
নতুন শিক্ষাবর্ষ উপলক্ষ্যে গত ২৯ মার্চ (রবিবার) বায়তুল মুকাররম জামে মসজিদে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক প্রারম্ভিক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতী মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম প্রবাসে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা অভিভাবকদের সন্তানদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর আহ্বান জানান।
সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার ক্লাস অনুষ্ঠিত হবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
মাদ্রাসায় ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো এবং মাসিক ফি ৩০ ইউরো। নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করে সন্তানদের ভর্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। প্রবাসে ইসলামী শিক্ষার প্রসারে এই উদ্যোগকে লিসবনের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছে।