৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে একটি মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন।

মঙ্গলবার (৩১ মার্চ) নালন্দা জেলার শীতলা মন্দির-এ এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, প্রতি মঙ্গলবার কয়েকশো ভক্ত মন্দিরে পূজা দিতে আসেন। তবে এদিন ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পূজারীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্টের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে বিহার সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, প্রত্যেক নিহতের পরিবারকে মোট ৬ লাখ রুপি দেওয়া হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি প্রদান করা হবে।