যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরান ইস্যুতে সাম্প্রতিক নীতির জেরে দেশজুড়ে নজিরবিহীন প্রতিবাদের মুখে পড়েছেন তিনি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, এবং বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় হামলার ঘটনাও ঘটছে।
রোববার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, লস অ্যাঞ্জেলেস-এর রয়্যাল ফেডারেল বিল্ডিং হাজারো বিক্ষোভকারী ঘিরে ফেলেন। বিক্ষোভ চলাকালে ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার বিক্ষোভকারী ভবনটি অবরুদ্ধ করে রাখে। এ সময় সংঘর্ষে দুই কর্মকর্তা সিমেন্টের ব্লকের আঘাতে আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ট্রাম্পের নেতৃত্বের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৩,৩০০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচিতে আনুমানিক ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা এবং প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এই গণবিক্ষোভ আরও তীব্র হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই।