ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
তথ্যমতে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ঘটনার পেছনে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না, তা খতিয়ে দেখতে সম্ভাব্য অর্থ লেনদেন বা গোপন করা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখনও অব্যাহত রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্রও পরীক্ষা করছে।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন। এরপর আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে নির্দেশ দেন এবং নতুন করে প্রতিবেদন দাখিল করতে বলেন।