৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষা

পরীক্ষাকেন্দ্রে টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

পরীক্ষাকেন্দ্রে টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। তিনি আরও বলেন, নকল প্রতিরোধে দেশে বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভা অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী নিজেই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মন্ত্রী সভায় এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশ দেন। তিনি জানান, পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের যথাযথ বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। পাশাপাশি পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা কনটেন্ট আপলোড করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী পরীক্ষার মাধ্যমে মেধাভিত্তিক জাতি গঠনের ওপর জোর দেন এবং জানান, অটোপাসের কোনো সুযোগ আর থাকবে না। তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা বাতিল করে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মন্ত্রী যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা জানিয়েছেন। এই স্কুলগুলো প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, উচ্চ মাধ্যমিক স্কুলের আদলে পরিচালিত হবে, যা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।