২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমার ওপর ন্যস্ত দায়িত্ব, এটা একটা আমানত। এই কঠিন দায়িত্ব পালন করার জন্য আমি সজাগ ও সতর্ক আছি। আমাদের দেশে দুর্নীতি ছেয়ে গেছে। আমাদের দেশে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ-পরিস্থিতি তৈরি করা আরেকটি কঠিন চ্যালেঞ্জ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সমাবেশের আয়োজন করে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মন্ত্রিপরিষদের দুটি সভায় তারেক রহমানের বক্তব্য শোনার সুযোগ হয়েছে। তিনি বড় একজন পাহারাদার হিসেবে দেশের জন্য কাজ করবেন বলে আমার বিশ্বাস হয়েছে। তিনি সততাকে বেশি মূল্যায়ন করবেন বা করছেন। প্রথম দিন থেকেই তিনি প্রতিটি মন্ত্রণালয়-মন্ত্রী ও বিভাগের ব্যাপারে অ্যাকটিভ (সক্রিয়)।’