আর্টেমিস-২ এর নভোচারীরা চাঁদের কক্ষপথে ১০ দিনের ঐতিহাসিক যাত্রা শেষে পৃথিবীতে ফিরেছেন।
আজ শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে দিকে আর্টেমিস-২ এর ৪ নভোচারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক ৬ মিনিটের যোগাযোগ বিচ্ছিন্নতার পর নভোচারীরা সফলভাবে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করেন। চাদের কক্ষপথে ভ্রমণ শেষে মহাকাশযানটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এ ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে নভোচারীদের চাঁদে যাওয়া ও ফিরে আসার ৬ লাখ ৯৪ হাজার ৪৮১ মাইল (১১ লাখ ১৭ হাজার ৬৫৯ কি.মি.) দীর্ঘ যাত্রা সম্পন্ন হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে তার সর্বোচ্চ ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার (২ লাখ ২ হাজার ৭৫৬ মাইল) দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয়।