২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ হাজার কি. মি. দূরে অ্যাংলো-মার্কিন ঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়া লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনোটি লক্ষ্যভেদ করতে পারেনি। খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এক ক্ষেপণাস্ত্র মাঝপথে বিকল হয়ে গেছে। অপর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়। তবে এটি সফলভাবে ধ্বংস করতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাংলো-মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে কখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা জানা যায়নি। হোয়াইট হাউস, ব্রিটিশ দূতাবাস বা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটিকে লক্ষ্য করা দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এর আগে ইরান দাবি করেছিল, তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত সীমিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত মাসে জানিয়েছিলেন, তেহরান স্বেচ্ছায় তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে সীমিত রেখেছে। তবে সাম্প্রতিক এই ঘটনার পর সেই দাবির বিষয়ে নতুন সন্দেহ দেখা দিয়েছে।