১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪০ দিন পর আল-আকসা খুলে ফজরের নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে দীর্ঘ ৪০ দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসলিম মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা দলে দলে মসজিদের ফটক দিয়ে প্রবেশ করছেন। প্রায় তিন হাজার মুসল্লি ফজরের নামাজে অংশ নেন।

অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে, ভোর থেকে আল-আকসার দরজা সব মুসল্লির জন্য উন্মুক্ত। তবে মসজিদটির তত্ত্বাবধানে থাকা জর্ডান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সংবাদ সংস্থা আনাদোলুর এক সংবাদদাতা জানিয়েছেন, আজ ফজরের আজানের সঙ্গে সঙ্গে আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণের গেটগুলো খুলে দেওয়ার পর দীর্ঘ প্রতীক্ষিত মুসল্লিরা প্রাঙ্গণে ভিড় জমান। অনেকেই আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলতে দেখা যায় এবং প্রাঙ্গরের চত্বরে শুকরিয়া সিজদা আদায় করেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার দিন থেকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে রেখেছিল। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র মসজিদের কর্মচারী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি ছিল।

বাকি ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে বা রাস্তায় নামায পড়তে বাধ্য করা হয়। এমনকি এ বছর আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাযও আদায় করতে দেয়নি কর্তৃপক্ষ, যা ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর প্রথম এমন কোনো নজিরবিহীন বিধিনিষেধ। আজ ফজরের জামাতে শত শত মুসল্লির লাইন দীর্ঘ হয়ে পবিত্র প্রাঙ্গণে আবারও এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে।