২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৪র্থ রমজানে মাত্র একদিনে ৯ লাখ মুসল্লির ওমরাহ পালন; নতুন রেকর্ড

পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ডের তথ্য দিয়েছে সৌদি আরব। দেশটির হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি, ৪র্থ রমজান) একদিনেই মোট ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ পালন করেছেন। 

এই সংখ্যার মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর, ৭ মার্চ একদিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। রমজান মাসে মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে পবিত্র ‎কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর অর্থাৎ মাতাফ এলাকা সারা দিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, ইশা, তারাবি ও শেষ দশকের তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের নির্দেশনা অনুযায়ী খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত এলাকাগুলোতে নামাজ আদায়ের আহ্বানও জানানো হয়েছে।

মসজিদের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত দিকনির্দেশনা (সাইনেজ) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে হাঁটার পথ, সড়ক ও খোলা প্রাঙ্গণে জমায়েত। এছাড়া মসজিদুল হারাম সংলগ্ন এলাকায় ভিড় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। অননুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, যেসব যানবাহন পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে পার্ক করা হবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ব্যাপারে সতর্কতাও জারি করা হয়েছে।