দেশজুড়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কর্মী-সমর্থক, এজেন্ট, ভোটারসহ বিভিন্ন জায়গায় বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বন্ধ না হলে যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কর্মী-সমর্থক, এজেন্ট, ভোটারসহ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। ব্যক্তির ওপর হামলা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর ২০২৬ এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পর যদি আবারও একই ধরনের ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখি, তাহলে এটা জাতির জন্য খুবই দুঃখজনক।
ডা. শফিকুর রহমান বলেন, এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক ধারার রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না।